ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ রমনা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম।
শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাকে এ দায়িত্ব দিয়ে বদলি করা হয়।
এর আগে গত ৫ মে নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। পরে শনিবারের বিশেষ আদেশে তাকে আনুষ্ঠানিকভাবে রমনা বিভাগের মতো গুরুত্বপূর্ণ জোনের দায়িত্ব দেওয়া হয়।
একই আদেশে ডিএমপির ডিসি মিনা মাহমুদাকে ট্রাফিক অ্যাডমিন (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) বিভাগে বদলি করা হয়েছে।
শেখ জাহিদুল ইসলাম দেশজুড়ে আলোচনায় আসেন চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি ঘটনায়। পুলিশ ও রাজনৈতিক সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন তার নেতৃত্বে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে একটি ঝটিকা অভিযান চালানো হয়।
সেই অভিযানে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭৪ লাখ টাকা নগদ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
নির্বাচনের ঠিক আগে বিপুল পরিমাণ অর্থসহ জামায়াত নেতা আটকের ঘটনাটি সে সময় রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার তাৎক্ষণিক বহিষ্কারের দাবিও তোলা হয়েছিল।
ডিএমপির সাম্প্রতিক রদবদলের ধারাবাহিকতায় এই পদায়ন করা হয়েছে। গত ৫ মে রমনা বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলি করা হয়। এরপর থেকেই রমনা বিভাগের ডিসি পদটি শূন্য ছিল।
কে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাবেন, তা নিয়ে পুলিশ প্রশাসনে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালনের সময় আলোচিত হওয়া এই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকেই রমনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনের আশা, তার নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রমনা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে।
/এসএন