• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম


জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ মে ২০২৬ ৫:৩৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে।

শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে দেশ — এবং দেশটা সবার।’

তিনি আরও বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হবে।

সভায় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে।’

দুপুর সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

এর আগে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে ছোট ছোট মিছিলসহ নেতাকর্মী ও সমর্থকরা সভাস্থলে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই মাঠটি হাজারো মানুষের উপস্থিতিতে বড় সমাবেশে পরিণত হয়।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, তার ভিত্তিতে মানুষ আমাদের ভোট দিয়েছে। যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করবো।’

সভা শেষে প্রধানমন্ত্রী চাঁদপুরে যান। সেখানে বেলা সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কাজেরও সূচনা করেন।

/এসএন