• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০১:২৯ এএম


‘বাংলাদেশ এখন তোমাদের দিকেই তাকিয়ে’—ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ মে ২০২৬ ১১:২৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২ মে) বিকেলে সিলেট স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং ‘আমরা নতুন, আমরা কুঁড়ি’ থিম সং পরিবেশন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমি চাই, তোমরা যারা গ্যালারিতে বসে আছো, তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। দেশের দায়িত্ব তোমাদেরই নিতে হবে, কারণ তোমরাই ভবিষ্যৎ।”

তুমুল করতালির মধ্যে তিনি বলেন, আজ আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার চেয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলতেই বেশি আগ্রহী তিনি। তিনি আরও বলেন, “এখন পড়তে হবে, খেলতে হবে এবং নিজেদের তৈরি করতে হবে। যে খেলোয়াড় হতে চায়, সে খেলোয়াড় হবে। যে গান শিখতে চায়, সে গান শিখবে, যে মিউজিশিয়ান হতে চায়, সে মিউজিশিয়ান হবে—আমরা সেই ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।”

সিলেটসহ দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ক্ষুদে শিক্ষার্থীদেরই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আজকে এই গ্যালারিতে বসে থাকা তোমরাই আসল অতিথি।”

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “ছোট বন্ধুরা, আমাদের সময় প্রায় শেষ। এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরই দেশকে সামনে এগিয়ে নিতে হবে। তোমরা কী পারবে?”

এ সময় পুরো গ্যালারিতে থাকা শিক্ষার্থীরা একসঙ্গে “হ্যাঁ পারব” বলে সাড়া দেয়। জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি তোমরা অবশ্যই পারবে, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব শিক্ষার্থীদের হাতেই যাবে। “তোমাদের মধ্য থেকেই এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হবে। তোমরা যদি নিজেদের গড়ে তোলো, তাহলে বাংলাদেশও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে,”—যোগ করেন তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের ধারণা কীভাবে এসেছে, সে বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রায় সাড়ে চার বছর আগে লন্ডনে আমিনুলের সঙ্গে আলোচনার সময় এ উদ্যোগের চিন্তা আসে। খেলাধুলা নিয়ে আলাপ করতে করতেই তারা এই কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠান শুরুর আগে স্টেডিয়ামের মাঠে বিকেএসপির শিক্ষার্থীরা ক্রিকেট, কাবাডি, ফুটবল, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ আটটি ইভেন্টে অ্যাক্রোব্যাট প্রদর্শন করে। প্রধানমন্ত্রী তাদের পরিবেশনা উপভোগ করেন এবং করতালির মাধ্যমে উৎসাহ দেন।

পরে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন এবং এর ট্রফি ও লোগো উন্মোচন করেন। অনুষ্ঠান শেষে মাঠে গিয়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও গ্যালারিতে উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও ক্রীড়া সচিব মাহবুব-উল আলম বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদমন্ত্রী মো. শহিদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সংসদের হুইপ জি কে গউছ, সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা, এমএ মালেক এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ আরও অনেকে।

/এসএন