সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত পৌনে ৯টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল ‘বুঙ্গা রায়া কমপ্লেক্সে’ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী হানানি হারুন।
এ সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি সুসজ্জিত বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। স্বাগত অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীতও পরিবেশিত হয়।
আনুষ্ঠানিকতা শেষে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের ‘শাংগ্রি-লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়। পুরো পথজুড়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছিল।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল মালয়েশিয়া সফরে অংশ নিয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। এ সময় দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক হবে।
সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
এই সফরের গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি দলিল স্বাক্ষরের সম্ভাবনা।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এ সফরে অংশ নিয়েছেন। মালয়েশিয়া সফর শেষে তিনি সরাসরি চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
/এসএন