• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম


৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ৯:০০ পিএম

আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সেদিন সকাল ৯টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩ আগস্ট) রাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীবর্গ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এর আগে জাদুঘর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রস্তাব পাঠায়। পরে প্রধানমন্ত্রী ৫ আগস্ট উদ্বোধনের জন্য সময় বরাদ্দ দেন। উদ্বোধনের পর থেকেই জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

জাদুঘরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য। এছাড়া শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তৎকালীন সরকারের পতন ঘটে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করলে তার সরকারি বাসভবন গণভবন ছাত্র-জনতার দখলে যায়। পরে গঠিত অন্তর্বর্তী সরকার ওই ভবনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেয়।

/এএসএফ