সোমবার (৩ আগস্ট) রাতে এক নতুন বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে তারা মনে করছে। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদও জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের দাবি, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ তাদের কাছে এসেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে সমাধান করেছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানোর কোনো সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে, প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তারা বলেছে, এ ধরনের অভিযোগ পাওয়া গেলে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করারও অনুরোধ জানানো হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তির শেষ অংশে বলা হয়েছিল, ‘প্রমাণ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তবে রাতেই সেই বক্তব্য সম্বলিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়।
/এসএন