সিলেটের জনসভায় বক্তব্য দিতে গিয়ে রসিকতায় মেতেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে আয়োজিত জনসভায় তিনি বলেন, “আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদেরও শুনতে হবে।” তার এই মন্তব্যে উপস্থিত জনতার মধ্যে হাসির রোল পড়ে যায়।একদিনের সরকারি সফরে সকালে বৃষ্টির মধ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশে অংশ নেন তিনি।দুপুরে কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের আগে আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘দুলাভাই’ বলে স্লোগান দিলে তিনি রসিকতার সুরে বলেন, “দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই চলে যাবে। যাব আমি? কথা বলব, না যাব? কথা বলতে হলে চুপ থাকতে হবে।” এরপরই যোগ করেন, “আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে।”জনসভায় তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছেই তাদের জবাবদিহিতা রয়েছে। মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি। কৃষক কার্ড ও পরিবার কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব যোগ্য পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
/বিএসএস