• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম


প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, সিলেটে খুদে ক্রীড়াবিদদের উৎসব

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ মে ২০২৬ ৬:৪১ পিএম

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, সিলেট স্টেডিয়ামে উৎসবের আমেজসিলেট জেলা স্টেডিয়ামের চেনা নীরবতা ভেঙে আজ তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। কানায় কানায় পূর্ণ গ্যালারি, মাঠে খুদে ক্রীড়াবিদদের দৃষ্টিনন্দন প্রদর্শনী, নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি এবং সংবাদকর্মীদের ব্যস্ততা—সব মিলিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে ছিল ভিন্ন এক আবহ।আজ বেলা ৩টা ৪০ মিনিটে স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টা ৮ মিনিটে তিনি প্রতিভা অন্বেষণমূলক এই ক্রীড়া আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। একই সময়ে দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা।১৯৭৬ সালে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সেই আয়োজন থেকে বহু শিল্পী উঠে এলেও এবার নতুন কুঁড়ি ফিরেছে ভিন্ন রূপে—মঞ্চ ছেড়ে মাঠে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এখন দেশের ভবিষ্যৎ ক্রীড়া তারকা খোঁজার নতুন প্ল্যাটফর্ম।আগামীর খেলোয়াড়দের উৎসাহ দিতে দেশের বিভিন্ন বিভাগ থেকে ৩২ জন শীর্ষ ক্রীড়াবিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টনসহ নানা খেলার প্রতিনিধিত্ব করে তারা এই উদ্যোগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন।সরকারের দাবি, জাতীয় নির্বাচনের ইশতেহারে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই শুরু হয়েছে এই উদ্যোগ। ইতোমধ্যে ক্রীড়া কার্ড ও ক্রীড়াভাতা চালু করা হয়েছে, যার মাধ্যমে খেলোয়াড়রা আর্থিক সহায়তা পাচ্ছেন বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।১২–১৪ বছর বয়সী শিশুদের নিয়ে আটটি জনপ্রিয় খেলায় প্রতিযোগিতা হবে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে। ১৩ থেকে ২২ মে’র মধ্যে আঞ্চলিক পর্বের খেলা শেষ হবে।দেশকে ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ—এই ১০ অঞ্চলে ভাগ করে প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। প্রতিটি পর্যায়ে প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি তদারকি করবে পুরো কার্যক্রম।ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টনে নকআউট পদ্ধতি, দাবায় সুইস লিগ পদ্ধতি এবং অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টে বাছাই ও ফাইনালের মাধ্যমে ফল নির্ধারণ করা হবে। একজন খেলোয়াড় সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবেন।স্বল্প সময়ের রেজিস্ট্রেশনেই ১২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সারা দেশ থেকে অংশ নিতে নিবন্ধন করেছেন ১ লাখ ৬৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে ছেলে ১ লাখ ২০ হাজার ৯৪৯ জন এবং মেয়ে ৪৬ হাজার ৭৪৪ জন। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ঢাকা অঞ্চলে, আর সবচেয়ে কম ময়মনসিংহ অঞ্চলে।

/ বিএসএস