• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ এএম


‘সন্তানদের নির্মল বাতাস উপহার দিতে একটি করে গাছ লাগান’—প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুন ২০২৬ ৮:২৫ পিএম

দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে হবে।

শনিবার (১৩ জুন) কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জনসাধারণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে এই বিষয়টি মাথায় রেখে, এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন।”

ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যদি এই বৃক্ষরোপণ অভিযান সফল করা যায়, তাহলে আগামী দিনের প্রজন্ম নির্মল ও বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, “আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিশ্চয়তা দেই একটি পরিষ্কার একটি দূষণ মুক্ত পরিবেশ গড়তে পারি যেখানে আমাদের প্রজন্ম পরিস্কার পরিবেশে বাস করবে।”

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার অনুযায়ী সরকার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল সরকার গঠন করতে পারলে দেশে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হবে এবং প্রতি বছর অন্তত পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা প্রকাশ করেন তিনি।

দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সবাই মিলে উদ্যোগ নিলে আগামী দিনে বাংলাদেশের বাতাস আরও নির্মল, বিশুদ্ধ ও স্বাস্থ্যকর করে তোলা সম্ভব হবে।

এ সময় দেশের বিভিন্ন জেলার প্রশাসকদের উদ্দেশেও বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনুষ্ঠানে বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা যুক্ত রয়েছেন এবং প্রত্যেককে নিজ নিজ জেলাকে সবুজ ও পরিবেশবান্ধব অভয়ারণ্যে পরিণত করার উদ্যোগ নিতে হবে।

বক্তব্যের শেষ দিকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ ও নির্মল পরিবেশে স্বাধীনভাবে শ্বাস নিতে পারবে।

/এসএন