• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:৩৩ এএম


প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনীতে আসতে পারেন এমবাপ্পে!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ৮:৫২ পিএম

বাংলাদেশে বিশ্বকাপজয়ী তারকা ফুটবলারদের আগমনের ধারাবাহিকতায় এবার ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা করছে সরকার। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাকে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই সারা দেশে ফুটবল নিয়ে নতুন জোয়ার সৃষ্টি হোক। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। সবকিছু অনুকূলে থাকলে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের আন্তর্জাতিক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে বলে সরকার আশাবাদী।

মীর শাহে আলম জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে একটি ফুটবল দল গঠন করতে হবে। কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনাও রয়েছে। শিক্ষার্থী কম থাকলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করতে হবে এবং কেন কোনো প্রতিষ্ঠান দল গঠন করতে পারছে না, সেটিও খতিয়ে দেখা হবে।

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সফর করেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের গিলবার্তো সিলভা, ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান তারকা মেসুত ওজিল, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের জিনেদিন জিদান এবং তার সতীর্থ ক্রিস্টিয়ান কারেম্বু। এছাড়া লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলও জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল।

/এএসএফ