• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৬ এএম


হাইকোর্টে আগাম জামিন চাইলেন আমির হামজা, শুনানি আজ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ এপ্রিল ২০২৬ ১১:২৬ এএম

মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে তার আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন। একই দিনে আদালত আমির হামজাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

অভিযোগ রয়েছে, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে দেওয়া এক বক্তব্যে আমির হামজা প্রতিমন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।