ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা লাভলু মোল্লাহ শিশির জামিন পেয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণার সময় পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় খালেদা জিয়াকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্র নিয়ে তার গাড়িবহরে আক্রমণ করে।
হামলার সময় ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করা হয়, চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মারধর করা হয়। এতে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।
এছাড়া আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হন। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও এর অঙ্গ সংগঠনের ২০০ থেকে ৩০০ নেতাকর্মী দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।
হামলার সময় মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া এবং জোরপূর্বক আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগও রয়েছে।