ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে গাইবান্ধায়, যেখানে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জ ও জামালপুরে ২ জন করে, ঠাকুরগাঁওয়ে ২ জন এবং নাটোর, পঞ্চগড় ও বগুড়ায় ১ জন করে মারা গেছেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ফুলছড়ি ও সাঘাটা উপজেলাতেও পৃথক ঘটনায় আরও দুইজন মারা যান।
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। জামালপুরে বজ্রপাতে এক কৃষক ও এক গৃহবধূ মারা যান, পাশাপাশি কয়েকটি গবাদিপশুও মারা গেছে এবং কয়েকজন আহত হয়েছেন।
নাটোরের সিংড়া উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিক নিহত হন। বগুড়ার গাবতলীতে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে কাজ করার সময় এক শ্রমিক বজ্রপাতে প্রাণ হারান, এ ঘটনায় আরও দুইজন আহত হন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক স্থানে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বজ্রপাতের এসব ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।