• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৫ এএম


. ‘আমরা সংসদে, মামুনুল-পাটওয়ারীরা রাজপথে’—নাহিদ ইসলাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ৬:০১ পিএম

নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের প্রশ্নে প্রয়োজন হলে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আল্লামা মামুনুল হককে ষড়যন্ত্র করে সংসদে যাওয়া ঠেকানো হয়েছে। কিন্তু রাজপথে তাকে থামানো সম্ভব নয়। আমরা সংসদে আছি জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের কথা বলার জন্য, আর রাজপথে আছেন মামুনুল হক ও নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রয়োজন হলে সংসদ ও রাজপথ এক হয়ে যাবে।’

তিনি আরও বলেন, দেশের মানুষ বর্তমানে নানা সংকটে রয়েছে—দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট ও স্বাস্থ্যসংকট পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করছে এবং সরকারকে সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন তিনি। তবে সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন।

নাহিদ ইসলাম বলেন, জনগণ কোনো ধরনের স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবে না। তার অভিযোগ, সরকার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করছে এবং বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

তিনি আরও দাবি করেন, আগস্টের পর থেকে সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে বিএনপি এবং সরকার দ্রুতই অজনপ্রিয় হয়ে পড়ছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শফিকুর রহমান, কর্নেল অলি আহমদসহ বিভিন্ন দলের নেতারা।