• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:৩৮ এএম


চেরাপুঞ্জির বৃষ্টিতে বাড়ছে নদীর পানি

নেত্রকোনায় অকাল বন্যার শঙ্কা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ৬:২৫ পিএম

নেত্রকোনা জেলার উজানে ভারতের চেরাপুঞ্জি এলাকায় টানা ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে হাওড় এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং অকাল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়ভাবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মাইকিং করে কৃষকদের দ্রুত পাকা ধান কাটার পরামর্শ দিয়েছে। শনিবার (২৫ এপ্রিল) পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় ধনু-বাউলাই নদীর পানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত কাটতে হবে।

জানা গেছে, আগের বৃষ্টিপাতের কারণে হাওড় এলাকায় আগে থেকেই জলাবদ্ধতা রয়েছে। এর মধ্যে উজানের ঢল নামায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সোমেশ্বরী নদী, কংস নদী, ধনু ও উদ্ধাখালীসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় কৃষকরা বলছেন, হাওড় এলাকায় পানি জমে থাকায় কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটতে সমস্যা হচ্ছে। শ্রমিক সংকটও তীব্র, কারণ বজ্রপাতের ভয় ও পানিবদ্ধ জমিতে কাজ করতে অনীহা। ফলে বেশি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।

কৃষকদের আশঙ্কা, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ২০১৭ সালের মতো অকাল বন্যায় ফসলহানির ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, জেলার প্রায় ৪২ হাজার হেক্টর জমির বোরো ফসলের ওপর নির্ভর করে কৃষকদের সারা বছরের জীবিকা, যার বাজারমূল্য প্রায় ৭০০ কোটি টাকা।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, খালিয়াজুরি, মোহনগঞ্জ, মদন ও কলমাকান্দা এলাকার হাওড়গুলো সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। এ বছর ফসল রক্ষায় প্রায় ১৩৮ কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে, যার পেছনে ব্যয় হয়েছে প্রায় ৩১ কোটি টাকা।

খালিয়াজুরি উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, উপজেলায় ২০ হাজারের বেশি হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে এবং পূর্ণোদ্যমে ধান কাটা শুরু হয়েছে। তবে শ্রমিক ও ডিজেল সংকট কিছুটা সমস্যা তৈরি করছে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান, ধনু নদে পানি বাড়ায় নিচু জমিতে পানি ঢুকছে। তাই দ্রুত পাকা ধান কেটে ফেলতে কৃষকদের বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ধান কাটা না হলে আকস্মিক বন্যায় হাওড়ের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।