ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিনে বক্তব্য দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
গ্রামাঞ্চলে দীর্ঘসময় বিদ্যুৎ বিভ্রাট নিয়ে জাতীয় সংসদে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ-এর অধিবেশনে সিদ্ধান্ত-প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গ্রামে প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
তিনি বলেন, তার নির্বাচনী এলাকা আশুগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, যেখানে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, চালকল ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। অথচ এখানকার মানুষই পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না।
রুমিন ফারহানা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে সরবরাহ করা হলেও স্থানীয় মানুষ সেই গ্যাস থেকে বঞ্চিত। তিনি দাবি জানান, স্থানীয় জনগণের চাহিদা পূরণের পরই অন্য এলাকায় গ্যাস সরবরাহ করা উচিত।
এলপিজির মূল্য প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্ধারিত দাম ১ হাজার ৯৪০ টাকা হলেও বাস্তবে ২ হাজার ২০০ টাকার নিচে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের জন্য রান্নার জ্বালানি সংকট আরও তীব্র হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকায় যেখানে দিনে ১-২ ঘণ্টা লোডশেডিং হয়, সেখানে গ্রামে তা ১৪ ঘণ্টা পর্যন্ত পৌঁছায়, যা বৈষম্যের একটি বড় উদাহরণ।
এ সময় তিনি তিতাস গ্যাসক্ষেত্রের ৩১ নম্বর কূপ থেকে সম্ভাব্য উৎপাদিত গ্যাস প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য বরাদ্দ দেওয়ার দাবি জানান।