• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম


ওমরাহ শেষে ফেরার পথে বিমানেই মায়ের মৃত্যু, আইনি জটিলতায় মরদেহ ছাড়াই দেশে ফিরলেন ছেলে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ আগস্ট ২০২৬ ৭:৫৩ এএম

ওমরাহ শেষে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে মারা গেছেন চট্টগ্রামের সাতকানিয়ার ছানোয়ারা বেগম (৫৫)। ওমানের মাসকটে জরুরি অবতরণের পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে দেশটির আইনি প্রক্রিয়ার কারণে মায়ের মরদেহ সঙ্গে নিতে না পেরে একাই দেশে ফিরেছেন তার ছেলে এরশাদ।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টা ৪৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে মঙ্গলবার রাতে জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমানে অসুস্থ হয়ে পড়েন ছানোয়ারা। পরে ফ্লাইটটি জরুরি অবতরণের জন্য মাসকটে ডাইভার্ট করা হয়।

মাসকট বিমানবন্দরে অবতরণের পর চিকিৎসকেরা ছানোয়ারাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তার মরদেহ বিমান থেকে নামাতে রয়্যাল ওমান পুলিশের অনুমতির প্রয়োজন হওয়ায় কিছু সময় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। পরে অনুমতি পাওয়ার পর মরদেহ বিমান থেকে নামিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

ছানোয়ারা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব বিল্লিয়ার পাড়ার বাসিন্দা। গত ২৫ জুলাই ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরব যান।

সেখানে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। আগে থেকেই তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, ছানোয়ারা বেগমের মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে আনার প্রক্রিয়া চলছে।

/এএসএফ