• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৩ এএম


গাজীপুরে পোশাকশ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ১০:৩৬ পিএম

গাজীপুরে পোশাকশ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা

পোশাকশ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে গাজীপুরে আন্দোলনে নিহত শ্রমিকদের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রম পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে আপাতত এক লাখ টাকা দেওয়া হয়েছে। পরিবারকে আশ্বস্ত করা হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করা হবে। দ্রুততম সময়ের মধ্যে তাঁদের আইনের আওতায় আনতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রমিক নেতাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, তাঁরা প্রমাণ করেছেন, সংকটের সময় কীভাবে সম্মিলিতভাবে সমস্যার সমাধান করতে হয়। শ্রমিক নেতারা যেভাবে সরকারের ডাকে সাড়া দিয়ে এসেছেন, একইভাবে সাড়া দিয়েছেন বিকেএমইএ ও বিজেএমইএর নেতারাও। তাঁদের যখনই ডাকা হয়েছে, দিন-রাত যেকোনো সময় তাঁরা উপস্থিত হয়েছেন।

সভায় প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, তৈরি পোশাকশ্রমিকদের জন্য নিরপেক্ষ ও নির্মোহভাবে নতুন মজুরি ঘোষণা করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই মজুরি বোর্ড নতুন নিম্নতম মজুরি ঘোষণা করবে। এ ক্ষেত্রে শ্রমিক, মালিক ও দেশের স্বার্থ রক্ষা করা হবে।

তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তৈরি পোশাক খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও এবার তিন বছরের মধ্যে নতুন করে বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে।

মাহদী আমিন আরও বলেন, মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা রয়েছেন। তাঁরা শ্রমিক, মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য, যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবেন বলে সরকার বিশ্বাস করে।

/এএসএফ