নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।বুধবার (২৬ আগস্ট) নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর শতাধিক মানুষের নিহত এবং শত শত মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে অনেকেই পর্যটক বলে জানা গেছে।এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ মর্মাহত ও শোকাহত। বাংলাদেশ পরিস্থিতির সর্বশেষ খবর অনুসরণ করছে বলেও উল্লেখ করেন তিনি।শোকবার্তায় বলা হয়, শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই মারা গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।বার্তায় আরও বলা হয়, এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার ও জনগণ নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।দুর্যোগে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নেপালের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।এদিকে, আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।নিখোঁজদের উদ্ধারে বিভিন্ন সংস্থা ও উদ্ধারকারী দল কাজ করছে। দুর্যোগকবলিত এলাকায় আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রমও শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নেপাল সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন উদ্ধারকারী সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
/বিএসএস