• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:৩৫ এএম


মিরপুরে দুই জুয়েলার্সে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, নিখোঁজ ৫ নিরাপত্তাকর্মী!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুলাই ২০২৬ ৯:৫৫ এএম

রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সের দুটি গয়নার দোকান থেকে প্রায় ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। প্রাথমিক তদন্তে তাদের চুরির ঘটনায় সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভোর ৫টা ৫৬ মিনিটের দিকে শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত আল রাজ্জাক জুয়েলার্স ও এ হোসেন জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে।

প্রাথমিক হিসাবে, আল রাজ্জাক জুয়েলার্স থেকে প্রায় ২০০ ভরি এবং এ হোসেন জুয়েলার্স থেকে প্রায় ৫৯ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় ২৫৯ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মো. দুলাল হোসেন বলেন, এটি একটি সুপরিকল্পিত চুরির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিখোঁজ থাকা পাঁচ নিরাপত্তাকর্মীর ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে এবং তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।

/এএসএফ