• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম


সাতক্ষীরায় আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত দুই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ১০:৩৮ পিএম

সাতক্ষীরার তিন হাসপাতালে আকস্মিক পরিদর্শন, দুই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দুই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দেন তিনি। পাশাপাশি এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নিরাপত্তাকর্মীকেও সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

রোববার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসাসেবার মান, চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি, হাসপাতালের অবকাঠামো এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, সাময়িক বরখাস্তের নির্দেশ পাওয়া ব্যক্তিরা হলেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নি, নিরাপত্তাকর্মী মোস্তফা বিশ্বাস এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সোহানা সেলিম।

সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের রান্নাঘর, পুরুষ ও মহিলা ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), হাজিরা খাতা, ওয়াশরুম ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। সম্প্রতি হাসপাতালের এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় হাসপাতালের চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করা, বিশেষ করে ওয়াশরুমের সংস্কার এবং অন্যান্য উন্নয়নকাজ নিয়মিত তদারকির নির্দেশ দেন তিনি।

পরে দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজ ক্যাম্পাস পরিদর্শন করে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। সেখানে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডা. সোহানা সেলিমের বিরুদ্ধেও বরখাস্তের নির্দেশ দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও কম। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। তবে সীমিত জনবল নিয়েও চিকিৎসকেরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, হাসপাতালের রান্নাঘর, বাথরুম, চিকিৎসকদের উপস্থিতিসহ সব বিষয় পর্যবেক্ষণ করা হয়েছে। উপস্থিতি ও শৃঙ্খলার বিষয়ে আরও কঠোর হওয়ার প্রয়োজন রয়েছে। অনেক চিকিৎসক নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর করেন না এবং নার্সদের উপস্থিতিও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন তিনি।

চিকিৎসক সংকট নিরসনে বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। নতুন ভবনে নারী ও পুরুষের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার এবং ট্রমা সেন্টার স্থাপন করা হবে।

বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শনের সময় শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী উচ্চশিক্ষিত তরুণী শারমিন আক্তারের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তার শিক্ষাগত যোগ্যতা ও মেধায় সন্তুষ্ট হয়ে আগামী ১ আগস্ট থেকে তাকে চাকরির সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন।

দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরতি খোদা, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

/এএসএফ