রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিরপুর থেকে উত্তরাগামী পরিস্থান পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার পর ব্রেক ফেল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালক হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দিকে বাসটি ঘুরিয়ে দেন। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা এক পথচারী বাসের চাপায় নিহত হন। আহত হন আরও একজন পথচারী।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক দুর্ঘটনা এড়াতে বারবার হর্ন বাজিয়েছিলেন। তার ভাষ্য, অধিকাংশ পথচারী সরে গেলেও একজন মোবাইল ফোনে ব্যস্ত থাকায় সময়মতো সরে যেতে পারেননি এবং বাসের নিচে পড়ে নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক বিকল হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
/এএসএফ