• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৯ এএম


‘পছন্দ না হওয়ায়’ স্ত্রীকে বিক্রি করে দিল স্বামী, গ/ণধ/র্ষ/ণের শি/কার নারী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ মে ২০২৬ ৪:১০ পিএম

ভারতের গুজরাটে স্ত্রীকে মাত্র ৫০ হাজার রুপির বিনিময়ে মানব পাচার চক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে স্বামীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে উদ্ধার হওয়া ওই নারী অভিযোগ করেছেন, আটকে রেখে তাকে গণধর্ষণ করা হয়েছে এবং তার গায়ের সোনার গহনাও ছিনিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে।

বানাসকান্থা জেলার পালানপুর ওয়েস্ট থানা পুলিশ এই মানব পাচার ও যৌন নিপীড়নের চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নামে।

পুলিশ জানায়, গত ১৯ মে গণেশপুরা এলাকার বাসিন্দা নিকেশ প্যাটেল থানায় গিয়ে অভিযোগ করেন, তার স্ত্রী নিখোঁজ হয়েছেন। অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে। শুরুতে নিকেশ নিজেকে উদ্বিগ্ন স্বামী হিসেবে উপস্থাপন করে পুলিশের সহায়তা চাইতে থাকেন।

তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে তার বক্তব্যে অসংগতি খুঁজে পান তদন্ত কর্মকর্তারা। সময় ও ঘটনার বর্ণনায় একাধিক বিরোধ ধরা পড়লে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের তদারকিতে ছিলেন উপ-পুলিশ সুপার ডা. জিগনেশ গামিত।

একপর্যায়ে টানা জিজ্ঞাসাবাদের মুখে নিকেশ প্যাটেল ভেঙে পড়েন এবং পুরো ঘটনা স্বীকার করেন। তিনি জানান, স্ত্রীকে পছন্দ না হওয়ায় বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং অর্থের বিনিময়ে তাকে বিক্রি করে দেন।

তদন্তে উঠে এসেছে, নিকেশ প্যাটেল তার সহযোগী সঞ্জয় ঠাকোর, অশোক ঠাকোর ও সচিন দারবারকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ওই নারীকে ভ্রমণের কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যান। পরে ৫০ হাজার রুপির বিনিময়ে তাকে ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর সেখানে তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয়।

স্বীকারোক্তির পর পালানপুর ওয়েস্ট থানা পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। পরে তিনি পুলিশের কাছে জানান, বন্দিদশায় তাকে ভয়াবহ যৌন নির্যাতন ও গণধর্ষণের শিকার হতে হয়েছে। একই সঙ্গে তার শরীরে থাকা সোনার গহনাও জোরপূর্বক খুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়।

ভুক্তভোগীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ মানব পাচার, গণধর্ষণ, ডাকাতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে কঠোর ধারায় মামলা দায়ের করেছে।

এই ঘটনায় স্বামী নিকেশ প্যাটেলসহ সঞ্জয় ঠাকোর, অশোক ঠাকোর ও সচিন দারবারসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

/এসএন