ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। বুধবার (৭ অক্টোবর) যন্তর মন্তরের দিকে যাওয়ার পথে তাদের আটক করা হয়। এর মধ্য দিয়ে মাত্র দুই দিনের মধ্যে তৃতীয়বারের মতো আটক হলেন রাহুল গান্ধী।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বুধবার যন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন সংসদ সদস্য ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় পুলিশ তাদের পথরোধ করে। পরে তাদের আটক করা হয়।
রাহুল গান্ধীর অভিযোগ, প্রায় ৩০০ জন সংসদ সদস্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চাইলেও তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মিলে দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন।
এর আগে মঙ্গলবারও নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে যাত্রা করার সময় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ। একই দিনে আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সময়ও তাদের আটক করা হয়।
এভাবে দুই দিনের মধ্যে তিনবার আটকের পর বুধবার সর্বশেষ আটকের প্রায় দুই ঘণ্টা পর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে মুক্তি দেয় দিল্লি পুলিশ।
/এসএন