• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম


বিজেপির বিরুদ্ধে আন্দোলন জোরদারে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ৯:০৬ পিএম

বিজেপির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন আরও জোরদার করতে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। মমতা স্পষ্টভাবে জানিয়েছেন, বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় পরিসরে আন্দোলন গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য।

তিনি বলেন, ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে। পাশাপাশি বিজেপিবিরোধী অন্যান্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। মমতার মতে, বিজেপির প্রকৃত চেহারা জনগণের সামনে তুলে ধরতে বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তৃণমূল কংগ্রেসের ভেতরে কিছুটা চাপ ও অস্বস্তির সৃষ্টি হলেও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন যে, এখন মূল লড়াই বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, দলের কঠিন সময়ে যারা সরে যেতে চাইছেন, তাদের নিয়ে তৃণমূল উদ্বিগ্ন নয়। বরং আদর্শে বিশ্বাসী ও নিবেদিত কর্মীদের নিয়েই নতুন করে রাজনৈতিক লড়াই গড়ে তোলা হবে।

রাজনৈতিক মহলের ধারণা, জাতীয় পর্যায়ে বিরোধী রাজনীতিকে আবারও সক্রিয় ও সংগঠিত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিবিরোধী ভোট যাতে বিভক্ত না হয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলন আরও শক্তিশালী করা যায়, সেই লক্ষ্যেই ইন্ডিয়া জোটকে নতুন করে সক্রিয় করতে চাইছেন তিনি।

তবে এই উদ্যোগ ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। বিজেপির দাবি, বিরোধী জোটের ভেতরেই এখন গভীর মতবিরোধ রয়েছে। বিশেষ করে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নিয়েও নানা প্রশ্ন উঠছে।

অন্যদিকে তৃণমূল নেতাদের বক্তব্য, বিজেপির বিরুদ্ধে কার্যকর রাজনৈতিক লড়াই গড়ে তুলতে বৃহত্তর ঐক্য এখন সময়ের দাবি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুনে ডাকা এই বৈঠক শুধু আনুষ্ঠানিক আলোচনা নয়, বরং আগামী দিনের জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিরোধী জোট কতটা ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে মাঠে নামতে পারে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

/এসএন