• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম


মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ১:২২ পিএম

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও তা আজ হচ্ছে না। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় শপথ অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনো নিশ্চিত নন যে বিজয়ের দল টিভিকে এককভাবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন পেয়েছে কি না। এ কারণে শপথ গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগোয়নি।

এরই মধ্যে কংগ্রেস টিভিকেকে সমর্থনের আশ্বাস দিয়েছে। পাশাপাশি আরও কয়েকটি রাজনৈতিক দলও বিজয়ের নেতৃত্বাধীন জোটে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে বিজয়ের দলের আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে জানা গেছে, রাজ্যপাল ইতোমধ্যে তামিলনাড়ু বিধানসভা ভেঙে দিয়েছেন।

বুধবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করে সরকার গঠনের দাবি জানান থালাপতি বিজয়। একই সঙ্গে টিভিকের সাধারণ সম্পাদক আধব অর্জুন আইনজীবীদের একটি দল নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানা গেছে।

নির্বাচনে ১০৮টি আসন পেয়ে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সরকার গঠনের জন্য দলটির প্রয়োজন ১১৮টি আসন। কংগ্রেসের পাঁচটি আসনের সমর্থন যোগ হলেও এখনো পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়নি। ফলে আরও কয়েকটি দলের বা আসনের সমর্থন প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

/এইচটি