‘আমার বউ আমাকে স্যার বলে ডাকেন’: ট্রাম্পের মন্তব্যে সামাজিক মাধ্যমে আলোচনাস্ত্রী মেলানিয়া ট্রাম্প ব্যক্তিগতভাবে তাঁকে কী নামে সম্বোধন করেন, তা নিজেই প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেলানিয়া তাঁকে ‘স্যার’ বলে ডাকেন—ট্রাম্পের এমন মন্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।বুধবার (৭ অক্টোবর) টেক্সাসে এক নির্বাচনী সমাবেশে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী জেমস তালারিকোকে ‘ভেগান’ বলে আক্রমণ করেন ট্রাম্প। যদিও তালারিকো ভেগান নন। এর আগেও একাধিকবার তাঁকে ভেগান বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।ট্রাম্প সাধারণত ‘ভেগান’ শব্দটি ভুলভাবে ‘ভে-গান’ উচ্চারণ করেন। চলতি সপ্তাহে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক জিমি কিমেল এ নিয়ে তাঁকে ঠাট্টা করেন। তবে বুধবার শব্দটির সঠিক উচ্চারণ করেন ট্রাম্প। আর এ ক্ষেত্রে স্ত্রী মেলানিয়াকে কৃতিত্ব দেন তিনি।ট্রাম্প বলেন, ‘আমার স্ত্রী আমাকে বলেছিলেন, “স্যার, আমার জন্য একটা কাজ করুন। আপনাকে একটু সাহায্য করতে হবে। এটা ভে-গান নয়, ভি-গান।”’এরপর নিজের খাদ্যাভ্যাসের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘আমি কীভাবে জানব? আমি তো স্টেক খেতে ভালোবাসি!’ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী মেলানিয়া তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করেন—এমন কথা ট্রাম্পের বক্তব্যে আগেও উঠে এসেছে।গত বছর ট্রাম্প জানিয়েছিলেন, তিনি স্ত্রীকে ‘ফার্স্ট লেডি’ বলে ডাকতে পছন্দ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এভাবে সম্বোধন করলে তাঁর মনে পড়ে যায় যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।ট্রাম্প প্রায়ই বিভিন্ন বক্তব্যে এমন গল্প বলেন, যেখানে অন্যরা তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। কখনো কখনো তিনি এমন দাবিও করেন যে তাঁকে দেখে লোকজন আবেগাপ্লুত হয়ে কাঁদতে শুরু করেন। তবে মেলানিয়াকে নিয়ে এবারের গল্পে কান্নার কোনো প্রসঙ্গ ছিল না।এদিকে ট্রাম্পের মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। স্ত্রী স্বামীকে এভাবে ‘স্যার’ বলে সম্বোধন করেন—এ বিষয়টি নিয়ে কেউ কেউ হাস্যরসও করেছেন।
/বিএসএস