• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম


সংকট মোকাবেলায় ইরানে চালু হলো ‘বাকিতে কেনাকাটা’ ব্যবস্থা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ৮:৫৫ পিএম

চলমান অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির মধ্যে জনগণের জন্য স্বস্তি আনতে নতুন একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইরান সরকার। দেশটির গণমাধ্যম জানিয়েছে, এই পরিকল্পনার আওতায় নাগরিকরা এখন থেকে প্রয়োজনীয় পণ্য বাকিতে কিনতে পারবেন।

পরিকল্পনা অনুযায়ী, যেসব পরিবার সরকারি সহায়তা পায় তারা প্রতি দুই মাসে একবার দোকান থেকে মৌলিক পণ্য বাকিতে কেনার সুযোগ পাবে। তবে এই কেনাকাটার পরিমাণ তাদের প্রাপ্ত সরকারি সহায়তার অঙ্কের বেশি হবে না। ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে সরকার সরাসরি সহায়ক ভূমিকা পালন করবে।

প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি কোম্পানির মাধ্যমে এই পরিকল্পনায় অর্থায়ন করা হবে। মূলত সাম্প্রতিক সময়ে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় জনগণের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে তেহরানভিত্তিক পত্রিকা Donya-e-Eqtesad চলতি বছরের মূল্যস্ফীতি নিয়ে কয়েকটি সম্ভাব্য পূর্বাভাস দিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়, তাহলে সর্বোত্তম পরিস্থিতিতে মূল্যস্ফীতি প্রায় ৪৯ শতাংশে সীমিত থাকতে পারে। তবে ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি অব্যাহত থাকলে তা বেড়ে ৬৭ শতাংশে পৌঁছাতে পারে।

অন্যদিকে, যদি যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয়, তাহলে দেশটি অতিমূল্যস্ফীতির মুখে পড়তে পারে—যেখানে মূল্যস্ফীতির হার ১২৩ শতাংশ পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে সরকারের নতুন ‘বাকিতে কেনাকাটা’ ব্যবস্থা সাধারণ মানুষের জন্য সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বড় পদক্ষেপ প্রয়োজন হবে।