ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস সাংবাদিকদের নৈশভোজে হামলার কয়েক ঘণ্টা পর নোরা ও’ডনেল-এর সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেন। সাক্ষাৎকারে হামলাকারী কোল অ্যালেনের ম্যানিফেস্টো থেকে উদ্ধৃতি তুলে ধরা হলে ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানান।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি অপেক্ষা করছিলাম আপনি এটা পড়বেন, কারণ আমি জানতাম আপনি তাই করবেন। আপনারা ভয়ংকর মানুষ। আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি।” তিনি আরও স্পষ্ট করে বলেন, “আমি পেডোফাইলও নই।”
ট্রাম্প দাবি করেন, হামলাকারী তার ম্যানিফেস্টোতে তাকে বিভিন্ন বিতর্কিত বিষয়ের সঙ্গে জড়ানোর চেষ্টা করেছে। বিশেষ করে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-এর সঙ্গে তাকে সম্পৃক্ত করার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। যদিও ম্যানিফেস্টোতে এপস্টেইনের নাম সরাসরি ছিল না। এ বিষয়ে ট্রাম্প বলেন, “একজন অসুস্থ মানুষের লেখা এসব বাজে কথা আমাকে এমন বিষয়ের সঙ্গে জড়িয়েছে, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সম্পূর্ণভাবে দায়মুক্ত।”
হামলাকারীর মানসিক অবস্থা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার ভাষায়, ওই ব্যক্তি উগ্রপন্থায় প্রভাবিত ছিল এবং মানসিকভাবে অসুস্থ। তিনি বলেন, “সে একসময় খ্রিস্টান ছিল, পরে খ্রিস্টবিরোধী হয়ে যায়। সম্ভবত সে খুবই অসুস্থ মানসিকতার মানুষ।”
এদিকে গুলির শব্দ শোনার সময় নিজের প্রতিক্রিয়া প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি মোটেও উদ্বিগ্ন ছিলেন না। তিনি বলেন, “আমি জীবন বুঝি। আমরা এক উন্মাদ পৃথিবীতে বাস করি।”
তথ্যসূত্র: এনডিটিভি