• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম


সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প বললেন

আমি ধ/র্ষ/ক নই, কাউকে ধ/র্ষণ/ করিনি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ এপ্রিল ২০২৬ ১১:৫০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এক সাংবাদিকের প্রশ্নে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, যখন সন্দেহভাজন হামলাকারী কোল টমাস অ্যালেনের কথিত ম্যানিফেস্টো থেকে উদ্ধৃতি পড়া হয়।

সিবিএস নিউজের সাংবাদিক নোরা ও’ডনেলের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হামলাকারী একজন ‘র‌্যাডিকালাইজড’, ‘খ্রিস্টবিরোধী’ এবং ‘মানসিকভাবে অসুস্থ’ ব্যক্তি। তিনি জোর দিয়ে বলেন, “আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি।”

ঘটনাটি ঘটে শনিবার রাতে ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময়। ৩১ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কোল টমাস অ্যালেন একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চৌকি ভাঙার চেষ্টা করে এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তাকে হোটেল কমপ্লেক্সের ভেতরে নিয়ন্ত্রণে আনা হয়।

সাক্ষাৎকারের শুরুতে ট্রাম্প তুলনামূলক শান্ত থাকলেও, ম্যানিফেস্টোর একটি উদ্ধৃতি পড়া হলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সাংবাদিককে উদ্দেশ করে বলেন, “আমি জানতাম আপনি এটা পড়বেন। কারণ আপনারা ভয়ংকর মানুষ।”

ও’ডনেল যখন জানতে চান হামলাকারী তাকে ইঙ্গিত করছিল কি না, তখন ট্রাম্প সরাসরি জবাব না দিয়ে বলেন, “আমি পেডোফাইল নই।”

তিনি দাবি করেন, এই বক্তব্যগুলো তার সঙ্গে বিতর্কিত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের সম্পর্কের ইঙ্গিত হতে পারে, যদিও ম্যানিফেস্টোতে এপস্টেইনের নাম উল্লেখ ছিল না। ট্রাম্প বলেন, এসব অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি সম্পূর্ণ নির্দোষ।

ট্রাম্প আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার পেছনে ডেমোক্রেট নেতাদের ‘ঘৃণামূলক বক্তব্য’ দায়ী এবং এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে।

ঘটনার সময় গুলির শব্দ শুনেও তিনি ভয় পাননি বলে জানান। তিনি বলেন, “আমরা এক পাগলাটে পৃথিবীতে বাস করছি।”

এ ঘটনাকে তার ওপর সাম্প্রতিক সময়ে তৃতীয় হত্যাচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা বাহিনী কেন তাকে দ্রুত সরিয়ে নেয়নি—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি নিজেই পরিস্থিতি বুঝতে কিছুটা সময় নিতে চেয়েছিলেন এবং পরে আবার অনুষ্ঠানস্থলে ফিরতেও আগ্রহ প্রকাশ করেছিলেন।