• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ পিএম


যুদ্ধ শেষের দাবি ট্রাম্পের

নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ নভেম্বর ২০২৬ ৯:০৯ এএম


দক্ষিণ ইরানের কেশম দ্বীপসহ দেশটির কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সোমবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা কমিয়ে দেখানোর চেষ্টা চলছে। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার খবর সামনে এলো।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা জিতেছি। আপনারা এটাকে যুদ্ধ বলবেন কি না, আমি জানি না। কারণ, আমরা কয়েক মাস ধরে কোনো যুদ্ধ করছি না।’

তবে মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এসব অভিযানকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের ভাষ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌযান চলাচলে হুমকি দেওয়া বা হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই এসব হামলা পরিচালনা করা হচ্ছে।

এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে দক্ষিণ ইরানের কেশম দ্বীপ এবং উপকূলীয় শহর বান্দর লেঙ্গেহসহ কয়েকটি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

/এসএন