• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম


যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জবাবে নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করছে ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ নভেম্বর ২০২৬ ১১:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভবিষ্যৎ হামলার জবাব দিতে নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি বাড়াতে নতুন ভৌগোলিক এলাকায় সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনাও করছে বাহিনীটি।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাম্প্রতিক বক্তব্য ভবিষ্যতে যেকোনো যুদ্ধের ক্ষেত্রে দেশটির জন্য ‘নতুন অধ্যায়ের সূচনা’ করেছে।

রোববার (১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মোহেবি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না। শত্রুপক্ষের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করা এবং সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে বিস্তৃত যুদ্ধক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

প্রতিরোধক্ষমতা নিয়ে আইআরজিসির বক্তব্য

মোহেবির ভাষ্য অনুযায়ী, সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা বলতে এমন পরিস্থিতি বোঝানো হয়েছে, যেখানে কোনো দেশই ইরানের বিরুদ্ধে বৈরী রাজনৈতিক অবস্থান নিতে পারবে না। এমনকি ইরানের ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা করতেও কোনো দেশ সাহস পাবে না।

তিনি আরও জানান, নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করা এবং নতুন ভৌগোলিক এলাকায় সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়ে কাজ করছে আইআরজিসি।

/এএসএফ