• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৫ এএম


যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বন্ধে শর্ত পূরণের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ অক্টোবর ২০২৬ ১০:১১ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বন্ধে শর্ত পূরণের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানি কর্মকর্তাদের নির্ধারিত শর্ত পূরণের ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের জনগণের অধিকার এবং ‘প্রতিরোধ ফ্রন্টের’ স্বার্থ রক্ষার মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান মোজতবা খামেনি। এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বৈঠকে ইরানের নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন খাতে চলমান কার্যক্রম সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন রেজায়ি। এ সময় ইরানের জনগণের অধিকার ও প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন মোজতবা খামেনি।

ইরানের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন তিনি। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথাও বলেন।

জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পরিচালনার ওপর গুরুত্ব দেন ইরানের সর্বোচ্চ নেতা। একই সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মোজতবা খামেনিকে অবহিত করেন মোহসেন রেজায়ি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত অবসানে কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই এ বক্তব্য দিলেন মোজতবা খামেনি। উত্তেজনা কমানো এবং আলোচনার পথ সুগম করতে আঞ্চলিক দেশগুলোও উদ্যোগ নিচ্ছে।

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। উত্তেজনা প্রশমন এবং দীর্ঘস্থায়ী সমাধানের পথ তৈরির বিষয়েও দেশগুলোর মধ্যে আলোচনা চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএসএফ