• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:২৮ এএম


অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ‘শুজা ২’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ এপ্রিল ২০২৬ ৮:৪০ এএম

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করছে ইরানের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ। ‘শুজা ২’ নামের এই জাহাজটির যাত্রার তথ্য প্রকাশ করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।

প্রতিবেদনে জানানো হয়, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের নিকটবর্তী শহীদ রাজায়ী বন্দর থেকে যাত্রা শুরু করেছে এবং বর্তমানে ভারতের কান্ডলা বন্দরের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তাসনিমের এই দাবির সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অন্যদিকে সমুদ্রপথে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, ‘শুজা ২’ বর্তমানে হরমুজ প্রণালির ভেতরেই অবস্থান করছে এবং এর গন্তব্য হিসেবে ভারতই দেখানো হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে দিয়ে ইরানি জাহাজের এমন চলাচল মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা