মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাকে অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘদিনের রাষ্ট্রীয় নীতির প্রশ্নে মালয়েশিয়া কোনো ধরনের আপস করবে না।
সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের একটি ব্যক্তিগত আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরায়েলি নাগরিক জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনার পর বিষয়টি তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইংরেজি দৈনিক ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এ বিষয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, “আমরা যদি কোনো ইসরায়েলিকে খুঁজে পাই, তাহলে তাকে অবিলম্বে বহিষ্কার করব। কারণ আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না।”
মালয়েশিয়ায় সাধারণত বিশেষ সরকারি অনুমোদন ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না। দেশটি দীর্ঘদিন ধরে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার নীতিতে অটল রয়েছে।
এদিকে জোহর রাজ্য সরকারের অনুরোধে ‘নেটওয়ার্ক স্কুল’ নামের একটি স্টার্টআপ কমিউনিটিকে ঘিরে ফেডারেল পর্যায়ে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, ওই কার্যক্রমের সঙ্গে একজন ইসরায়েলি নাগরিক যুক্ত ছিলেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
/এসএন