• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম


আন্দোলনে সমর্থন করি বলার পর সালমান খানের পল্টি, শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ১:১২ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সংহতি জানানোর একদিন পর আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। একই সঙ্গে সমাজকর্মী সোনম ওয়াংচুককেও অনশন ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান খান লেখেন, শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাদের আর উদ্বিগ্ন হওয়ার বা অভিভাবকদের দুশ্চিন্তায় রাখার প্রয়োজন নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং প্রশ্নফাঁসের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি বিশ্বাস করেন।

পোস্টে সালমান লেখেন, “পড়ুয়াদের বলছি, বাড়ি ফিরে যাও, বাবা-মায়ের কাছে ফিরে যাও।”

সমাজকর্মী সোনম ওয়াংচুককে উদ্দেশ করে তিনি লেখেন, “সোনম, যথেষ্ট হয়েছে। আর অনশন বাড়াবে না। ভবিষ্যতে প্রয়োজন হলে সেই লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করে রাখো। কিছু খেয়ে নাও। চাইলে বাড়ি থেকে তোমার জন্য খাবারও পাঠিয়ে দেব।”

সালমান খানের এই অবস্থান অনেক ভক্তকে বিস্মিত করেছে। কারণ, দীর্ঘদিন ধরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার কারণে চলমান আন্দোলন নিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করবেন না বলেই ধারণা করা হচ্ছিল। তবে বুধবার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন এবং বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়া প্রথম ‘খান’ অভিনেতা হিসেবে প্রশংসাও পান।

এর আগে বুধবার দেওয়া পোস্টে সালমান লিখেছিলেন, আন্দোলনটি শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে সহিংসতায় রূপ নেওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। পাশাপাশি প্রশ্নফাঁসকে গুরুতর সমস্যা উল্লেখ করে উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টির প্রশংসা করেন।

উল্লেখ্য, মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট)–এর প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুক বৃহস্পতিবার দিবাগত রাতে দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে অনশন ভেঙেছেন।

/এএসএফ