সামাজিক কর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন কর্মসূচি শেষ করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি (সিজেপি)।শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে মিছিলের কর্মসূচি ঘোষণা করে দলটি জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ এবং তাদের বিভিন্ন দাবির প্রতি জনসমর্থন গড়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন শেষ করায় তারা স্বস্তি প্রকাশ করছেন। তার ভাষায়, নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে ওয়াংচুক দেশের বিবেককে নাড়া দিয়েছেন। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সোনম ওয়াংচুক অনশন ভাঙেন। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি অনশন প্রত্যাহারের ঘোষণা দেন।অনশন ভাঙার পর এক্সে দেওয়া পোস্টে ওয়াংচুক লেখেন, কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা, ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি ২৬ দিনের অনশন শেষ করেছেন।
বৈঠকে দুই কেন্দ্রীয় মন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ নেন এবং তরল পানীয় পান করিয়ে আনুষ্ঠানিকভাবে অনশন ভাঙান।এদিকে জে.পি. নাড্ডা জানান, প্রশ্নফাঁস এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সংসদে আলোচনার আশ্বাস সরকার ইতোমধ্যে দিয়েছে। পাশাপাশি যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা না করার বিষয়েও সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে।তিনি আরও জানান, সাম্প্রতিক নিট প্রশ্নফাঁস-সংক্রান্ত আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে।
/বিএসএস