পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান যুদ্ধাবস্থা ও নিরাপত্তা সংকটের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কোনো বাণিজ্যিক জাহাজে ভারতীয় নাবিকদের দায়িত্ব না দেওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার।
চলতি সপ্তাহে ওই অঞ্চলের নৌপথে পৃথক দুটি হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হওয়ার পর দেশটির প্রশাসন এই জরুরি সিদ্ধান্ত নেয়।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং (নৌপরিবহন অধিদপ্তর) দেশের সব জাহাজ মালিক, নৌ ব্যবস্থাপক এবং নাবিক সরবরাহকারী রিক্রুটমেন্ট প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে এ-সংক্রান্ত বিশেষ সতর্কবার্তা জারি করেছে।
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালির মধ্য দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিকদের মোতায়েন থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলের বর্তমান যুদ্ধাবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নৌপরিবহন অধিদপ্তর আরও জানিয়েছে, ওই অঞ্চলের জলসীমায় চলাচলকারী জাহাজে কর্মরত ভারতীয় সমুদ্রকর্মীদের জীবন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতের নৌ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে নাবিকদের জানমালের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশের সামুদ্রিক এলাকায় বিভিন্ন সামরিক হামলায় অন্তত ১৪ জন নাবিক নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাবিকের পাশাপাশি ভারতের আরও তিনজন ক্রু সদস্যও ছিলেন। তারা গত ৯ জুন ওমান উপকূলে ‘সেত্তেবেলো’ নামের একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন বাহিনীর বিমান হামলায় প্রাণ হারান।
/এসএন