• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম


হরমুজে ২০ শতাংশ শুল্ক নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ৭:৩৮ এএম

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের অবস্থান থেকে সরে গিয়ে বিতর্কিত ওই শুল্ক আরোপের ঘোষণা বাতিল করেছেন তিনি।

তবে শুল্ক প্রত্যাহার করলেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে বলে আবারও স্পষ্ট করেছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরান ছাড়া বিশ্বের অন্য সব দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে। একই সঙ্গে ইরানকে এই সুবিধা থেকে বঞ্চিত রাখার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্রাম্প বলেন, “ইরানের মিথ্যাচারী, সহিংস ও বিদ্বেষপূর্ণ নেতৃত্বের কারণেই তাদের এই পরিণতি ভোগ করতে হচ্ছে, যা দেশটিকে ধ্বংসের দিকেই ঠেলে দিচ্ছে।”

আগে ঘোষিত ২০ শতাংশ শুল্ক প্রত্যাহারের পাশাপাশি নতুন কৌশলের কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, শুল্ক আরোপের পরিবর্তে এবার উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক নতুন চুক্তির মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হবে।

ট্রাম্পের এই সিদ্ধান্তকে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ