তুরস্কের ইস্তাম্বুলে মাত্র ৭৫ দিনে পবিত্র কোরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করেছেন ৪০ জন নারী শিক্ষার্থী। তিন মাসেরও কম সময়ে কোরআন হিফজ সম্পন্ন করে তারা প্রশংসা ও স্বীকৃতি পেয়েছেন।তুরস্কের সংবাদমাধ্যম নিউ তুর্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাবাহাত্তিন জায়িম বিশ্ববিদ্যালয় এবং দেশটির নলেজ ডিসেমিনেশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশেষ এই হিফজ কর্মসূচির আয়োজন করা হয়।নিবিড় ৭৫ দিনের এই কর্মসূচিতে অংশ নেন ৪০ জন নারী শিক্ষার্থী। নির্ধারিত সময়ের মধ্যে তারা সফলভাবে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেন। পরে ইস্তাম্বুলের হালকালি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে হিফজ সমাপনী সনদ তুলে দেওয়া হয়।সনদ প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও ফাউন্ডেশনের প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় কর্মকর্তা এবং শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। এ সময় হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীদের বক্তব্যও অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে ৪০ শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে হিফজ সমাপনী সনদ তুলে দেওয়া হয়।নলেজ ডিসেমিনেশন ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নেকমেত্তিন বিলাল এরদোয়ান জানান, এই কর্মসূচিতে শুধু দ্রুত কোরআন হিফজের ওপর গুরুত্ব দেওয়া হয়নি; বরং কোরআনের অর্থ অনুধাবন এবং ঐতিহ্যবাহী তেলাওয়াতের সুরধারা অনুসরণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।তিনি আরও জানান, কোরআন হিফজের বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা ও সেগুলোর ব্যবহারিক প্রয়োগের লক্ষ্যে ইস্তাম্বুলের আইয়ুব সুলতান এলাকায় একটি বিশেষ কেন্দ্র স্থাপনের জন্য ফাউন্ডেশন জায়গা বরাদ্দ করেছে। সেখানে হিফজের বিভিন্ন পদ্ধতি, এর শিক্ষাগত ও একাডেমিক দিক এবং সংশ্লিষ্ট কর্মসূচির উন্নয়ন নিয়ে গবেষণা ও কাজ করা হবে।
/বিএসএস