• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম


হরমুজে ভারতীয় নাবিক নিহ/তের ঘটনায় ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করল ভারত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ৪:১৮ পিএম

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে ইরানের সাম্প্রতিক হামলায় এক ভারতীয় নাবিক নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত মোহাম্মদ জাভাদ হোসেইনিকে তলব করেছে ভারত সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের নিকটবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে ইরানের ওই কূটনীতিককে ডেকে পাঠায়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘মমবাসা’‘আল বাহিয়া’ নামের দুটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণ দিক দিয়ে চলাচলের সময় ইরানি হামলার শিকার হয়।

এ হামলায় মমবাসা জাহাজে থাকা এক ভারতীয় ক্রু সদস্য নিহত হন। এছাড়া আরও আটজন নাবিক আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। কূটনৈতিক সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং বাকি দুজন ইউক্রেনের নাগরিক।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি হামলার পর দুটি ট্যাংকারেই ভয়াবহ আগুন ধরে যায় এবং এতে জাহাজ দুটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আমিরাত প্রশাসন এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে বলেও সতর্কবার্তা দিয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে নৌ অবরোধ আরোপ এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে অর্থ নেওয়ার পরিকল্পনার কথা জানানোর পর মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে মার্কিন বাহিনী ইরানে নতুন করে বিমান হামলা চালায়।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বাহরাইন, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের ওই দুটি ট্যাংকার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম এশিয়ায় চলমান এই সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১১ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া গত মাসেও একটি জাহাজে মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হয়েছিলেন।

/এসএন