মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে বাহরাইনভিত্তিক মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দেশের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল পঞ্চম নৌবহরের বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা অবকাঠামো।বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো এবং সাধারণ নাগরিকদের ওপর বারবার হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মৌলিক নীতির লঙ্ঘন।ইরান বলেছে, দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা, স্বাধীনতা এবং জনগণের নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করবে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে।তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বা মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে ইরানের এই হামলার দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা
/বিএসএস