অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। উত্তর গাজা সফরকালে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকার পরিস্থিতি দেখে তিনি বলেন, এই দৃশ্য তার মধ্যে ‘ভালো অনুভূতি’ সৃষ্টি করে।
উত্তর গাজার বর্তমান অবস্থা পরিদর্শনের সময় উপস্থিত সাংবাদিকরা তার অনুভূতি জানতে চাইলে ইসরায়েল কাটস সরাসরি বলেন, ‘একটি ভালো অনুভূতি, তাই নয় কি।’ তার এই মন্তব্য নতুন করে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
কাটস দাবি করেন, গাজার বর্তমান পরিস্থিতি কোনো আকস্মিক ঘটনা নয়। তার ভাষ্য অনুযায়ী, এটি ইসরায়েলের একটি ‘পরিকল্পিত নীতি’, যার উদ্দেশ্য দেশের নিরাপত্তার জন্য বিদ্যমান হুমকিগুলোকে স্থায়ীভাবে দূর করা। একই সঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে ইসরায়েল আগের সামরিক কৌশল থেকে সম্পূর্ণভাবে সরে এসেছে।
আগের সামরিক অভিযানগুলোর প্রসঙ্গ টেনে প্রতিরক্ষামন্ত্রী বলেন, অতীতে ইসরায়েলি বাহিনী গাজায় সাময়িকভাবে প্রবেশ করে অভিযান শেষে সেখান থেকে ফিরে আসত। তবে বর্তমান কৌশল ভিন্ন বলে উল্লেখ করেন তিনি।
নতুন সামরিক কৌশল ব্যাখ্যা করতে গিয়ে কাটস বলেন, ‘এখন ভেতরে প্রবেশ করে আবার চলে যাওয়ার পরিবর্তে আমাদের সেনাবাহিনী গাজার ভেতরেই অবস্থান করছে, সন্ত্রাসীরা রয়েছে বাইরে এবং ঘরবাড়িগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে।’
এদিকে, গাজায় দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতির অংশ হিসেবে নতুন পরিকল্পনার কথাও প্রকাশ করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, গাজা উপত্যকার ভেতরে সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত বা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে তিনটি নতুন বসতি স্থাপনের জন্য বিশেষ আউটপোস্ট বা সেনা ঘাঁটি নির্মাণের আনুষ্ঠানিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
গাজায় দীর্ঘমেয়াদি দখলদারিত্বের এই নীতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।
/এসএন