• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম


কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৬:৫৮ পিএম

কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান। রোববার (১২ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক বিবৃতির বরাতে এ তথ্য জানানো হয়েছে।আইআরজিসির দাবি, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে থাকা ‘হিমার্স’ (হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম) ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে সফলভাবে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় দুটি আধুনিক হিমার্স লঞ্চার ধ্বংস হয় এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাদের ভাষ্য অনুযায়ী, গুদামটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি চলাকালেই ওই লঞ্চারগুলোর ওপর হামলা চালানো হয়।আইআরজিসির দাবি অনুযায়ী, রোববারের এই লক্ষ্যভিত্তিক ড্রোন অভিযানে অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে ঘাঁটিতে মোট কতটি হিমার্স লঞ্চার ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।‘হিমার্স’ বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক, নির্ভুল ও বহুমুখী রকেট লঞ্চার ব্যবস্থা, যা ট্রাক থেকে পরিচালিত হয় এবং দ্রুত মোতায়েন করা যায়।মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার এ দাবি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মার্কিন বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ইরানের দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

সূত্র: ফার্স নিউজ

/বিএসএস