• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম


যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ১ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা ইউরোপের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৭:২৪ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের জন্য প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সহায়তা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ১৫টি আন্তর্জাতিক অংশীদারের সহযোগিতায় পরিচালিত হবে ‘টিম গাজা ইনিশিয়েটিভ’ নামে এই কর্মসূচি। এ তথ্য জানিয়েছে ইউরোপীয় কমিশন। খবর আল-জাজিরার।ব্রাসেলসে অনুষ্ঠিত প্যালেস্টাইন ডোনার গ্রুপের বৈঠকে আনুষ্ঠানিকভাবে ‘টিম গাজা ইনিশিয়েটিভ’ চালু করা হয়।

এই উদ্যোগের আওতায় গাজা উপত্যকার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা, প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি পুনর্গঠন প্রকল্পে অর্থায়ন করা হবে।ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির জন্য মোট ৮৮৩ দশমিক ৬ মিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে, যা প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের সমান।কমিশন জানিয়েছে, বিশ্বব্যাংক ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের পাশাপাশি ইউরোপের ১২টি দেশ এবং জাপানও এই উদ্যোগে অংশ নিয়েছে।

ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক শীর্ষ প্রতিনিধি কায়া কাল্লাস এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য অংশীদার।তিনি বলেন, “গাজার মানুষের মৌলিক চাহিদা পূরণ, পুনরুদ্ধার কার্যক্রম এবং তাদের জীবন পুনর্গঠনের জন্য টেকসই আর্থিক সহায়তা প্রয়োজন।”কাল্লাস আরও বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব ও নেতৃত্ব শেষ পর্যন্ত ফিলিস্তিনি জনগণের হাতেই থাকতে হবে। তবে সেই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অপরিহার্য।ইউরোপীয় ইউনিয়নের ভাষ্য অনুযায়ী, ‘টিম গাজা ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে যুদ্ধের ক্ষত কাটিয়ে গাজায় প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং দীর্ঘমেয়াদি পুনর্গঠনের ভিত্তি তৈরিতে সহায়তা করা হবে।

সূত্র: আল-জাজিরা

/বিএসএস