ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহর ও কেশম দ্বীপে আবারও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার (১৩ জুলাই) মেহের নিউজ এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ এসব বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মেহের নিউজ এজেন্সি জানায়, গত কয়েক রাত ধরে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। সংস্থাটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব হামলায় উপকূলীয় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য ও জেলে নিহত হয়েছেন।
এর আগে রোববার ভোরে টানা তৃতীয় দিনের মতো ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, বিমান, নৌযান ও ড্রোন ব্যবহার করে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট নৌযান লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করা হয়েছে।
অন্যদিকে, এসব হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। দেশটির দাবি অনুযায়ী, বাহরাইন, জর্ডান, কুয়েত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর উপসাগরীয় অঞ্চলে ইরানের সামরিক তৎপরতা ও পাল্টা হামলার তীব্রতা আরও বেড়েছে।
তবে সংঘাতের উভয় পক্ষের অনেক দাবিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আল-জাজিরা, মেহের নিউজ, রয়টার্স
/এএসএফ