সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে সংঘটিত এ হামলায় একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।
মঙ্গলবার (১৪ জুলাই) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আল-বাহিয়া ও মোম্বাসা নামের ট্যাংকার দুটি ওমানের জলসীমায় অবস্থানকালে হামলার শিকার হয়। এর মধ্যে মোম্বাসা ট্যাংকারে থাকা এক ভারতীয় ক্রু সদস্য নিহত হন। এছাড়া আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক রয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর দুটি ট্যাংকারই ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নিহত ভারতীয় নাগরিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করা এবং হরমুজ প্রণালিকে চাপ প্রয়োগ বা অর্থনৈতিক ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা জলদস্যুতার শামিল। এটি শুধু এ অঞ্চলের স্থিতিশীলতা ও জনগণের জন্য নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্যও সরাসরি হুমকি।”
উল্লেখ্য, আমিরাতের পক্ষ থেকে হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন
/এএসএফ