• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম


হরমুজ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ট্রাম্পের, বললেন ‘আমাদের অর্থ দিতে হবে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ১০:২৬ পিএম

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই কৌশলগত প্রণালির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব যুক্তরাষ্ট্র পালন করবে এবং এর বিনিময়ে দেশটিকে পারিশ্রমিক দিতে হবে।

ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা এই প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখব এবং সম্ভবত আমরাই এটি পরিচালনা করব। আমরা হব এই প্রণালির অভিভাবক। সম্ভবত আমরা এর নাম দেব “গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট” (প্রণালীর রক্ষাকর্তা দেবদূত)। আর এই কাজের জন্য আমাদের অবশ্যই পাওনা পরিশোধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এটি পাহারা দেব এবং এর বিনিময়ে প্রচুর অর্থ গ্রহণ করব। কারণ অন্যান্য যেসব দেশ এটি ব্যবহার করে তারা অত্যন্ত ধনী। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আর আমাদের কাছ থেকে বিনা পয়সায় এই সেবা তারা আশা করতে পারে না।’

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং ইরানের রেভল্যুশনারি গার্ডের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় দেশই এই কৌশলগত জলপথের ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হতো। এই কৌশলগত গুরুত্বের কারণেই অঞ্চলটির ওপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিযোগিতা ও উত্তেজনা বাড়ছে।

/এসএন