• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পিএম


অরুণাচলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনা, অভিযোগ ভারতের!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুন ২০২৬ ১০:০৪ পিএম

ভারতের অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় চীনা সেনাবাহিনীর (পিএলএ) কথিত অনুপ্রবেশ ও জমি দখলের অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় নাহ আদিবাসী সম্প্রদায়। এ ঘটনায় জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’।

স্মারকলিপিতে সংগঠনটির দাবি, গত কয়েক বছরে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী চারণভূমি, শিকার এলাকা এবং কৃষিজমির একটি বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, তাকসিং রেভিনিউ সার্কেলের আওতাধীন ওয়িং, পানিয়ার, মারপান, পোটরাং এবং তিন্দিংতাং—এই পাঁচটি এলাকায় চীনা সেনাদের তৎপরতা সবচেয়ে বেশি দেখা গেছে। এসব এলাকার কয়েকটি স্থানীয়দের কাছে পবিত্র তীর্থস্থান হিসেবেও পরিচিত।

নাহ ওয়েলফেয়ার সোসাইটির ভাষ্য অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত স্থানীয়রা যেসব এলাকায় অবাধে যাতায়াত করতেন এবং গবাদিপশু চরাতেন, সেখানে বর্তমানে চীনা সেনারা সামরিক ক্যাম্প ও সড়ক নির্মাণ করেছে।

সংগঠনটির অভিযোগ, গত ১০ থেকে ১৫ বছর ধরে তাকসিং সীমান্ত এলাকায় পরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ এবং নিয়ন্ত্রণ সম্প্রসারণ করে আসছে চীন।

স্থানীয় নাচোর বিধায়ক নাকাপ নালো বিষয়টিকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের অভিযোগ স্থানীয় জনগণের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং বিষয়টি প্রশাসনিক ও সরকারি পর্যায়ে নিরপেক্ষভাবে যাচাই ও তদন্ত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ ভারতীয় সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখলেও সীমান্তে চীনের ক্রমবর্ধমান তৎপরতা ও আগ্রাসী অবস্থান তাদের মধ্যে শঙ্কা বাড়াচ্ছে। এতে ধীরে ধীরে নিজেদের পূর্বপুরুষের ভূমি হারানোর আশঙ্কা করছেন তারা।

তবে এ সংবেদনশীল অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আপার সুবনসিরি জেলা প্রশাসন কিংবা অরুণাচল প্রদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা

/এএসএফ