• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম


রুবেলা: হামের মতোই ছোঁয়াচে আরেক রোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ২:৫৮ পিএম

দেশে যখন হামের প্রাদুর্ভাব বাড়ছে, তখন শিশুদের আরেকটি ভাইরাসজনিত রোগ রুবেলা নিয়েও সচেতন থাকা জরুরি। ‘জার্মান মিজেলস’ নামেও পরিচিত এই রোগটিও অত্যন্ত সংক্রামক।

রুবেলার সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে সারা শরীরে র‍্যাশ, গলার পাশ ও কানের পেছনের গ্রন্থি ফুলে যাওয়া এবং ব্যথা। তুলনামূলক বড় শিশুদের ক্ষেত্রে পেটের সমস্যা বা রক্তপাতের মতো জটিল লক্ষণও দেখা দিতে পারে। বিশেষ করে গর্ভাবস্থার শুরুর দিকে এই সংক্রমণ হলে গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি তৈরি হয়।

যেভাবে ছড়ায়

রুবেলা আক্রান্ত ব্যক্তির কাশি-হাঁচির মাধ্যমে ছড়ায়। এছাড়া গর্ভবতী মায়ের শরীর থেকে গর্ভফুলের মাধ্যমে এটি সন্তানের শরীরেও সংক্রমিত হতে পারে। আক্রান্ত ব্যক্তির সর্দি, কাশি, রক্ত ও মলমূত্রে ভাইরাস থাকে। র‍্যাশ দেখা দেওয়ার পর প্রায় এক সপ্তাহ পর্যন্ত এই জীবাণু ছড়াতে পারে।

যেসব শিশু টিকা নেয়নি, বিশেষ করে ৫ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। স্কুল বা ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। একবার আক্রান্ত হলে সাধারণত আজীবন রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

লক্ষণ

সংক্রমণের ১৪ থেকে ২১ দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়। হামের তুলনায় উপসর্গ সাধারণত মৃদু হয়। অনেক সময় জ্বর বা সর্দি-কাশি ছাড়াই প্রথমে গ্রন্থি ফোলা ও ব্যথা দেখা দেয়, যা র‍্যাশ হওয়ার ২৪ ঘণ্টা আগেই শুরু হতে পারে।

র‍্যাশ সাধারণত মুখ থেকে শুরু হয়ে একই দিনে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং তিন দিনের মধ্যে মিলিয়ে যায়। সামান্য চুলকানি থাকতে পারে।

চিকিৎসা ও করণীয়

  • জ্বর নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা
  • জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া
  • ১৫ মাস বয়স থেকে টিকা প্রদান (এমএমআর)
  • গর্ভধারণে সক্ষম নারীদের টিকা নেওয়ার পর অন্তত তিন মাস গর্ভধারণ এড়িয়ে চলা
  • গর্ভাবস্থায় এই টিকা দেওয়া যাবে না

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদানই রুবেলা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।